স্বপ্নসৃজনীর নাট্যোৎসব
ইছামতি সংবাদ, ১০ নভেম্বর : নিজেদের লক্ষ্যপূরণ নিয়ে স্বপ্ন দেখেন না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। যারা সেই স্বপ্নকে পূর্ণ করতে পারেন তাদের কাছে সেটা হয়ে ওঠে স্বর্গ সুখ । তেমনই স্বপ্ন সফলের পথে বসিরহাটের ‘স্বপ্নসৃজনী' নাট্য সংস্থা । সদ্য দু'দিনের কাঙ্খিত ‘মনোতোষ বিশ্বাস (খচাদা) স্মৃতি নাট্য উৎসবকে সফল রূপ দানের মধ্য দিয়ে নিজেদের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথকে আরও সুদৃঢ় করে তুললেন সংস্থার কর্মকর্তারা। গত ৫ ও ৬ নভেম্বর বসিরহাট দেবদূত স্পোর্টিং ক্লাবের মুক্ত মঞ্চে দু'দিনের জন্য ‘মনোতোষ বিশ্বাস (খচাদা) স্মৃতি নাট্য উৎসব: ২০২২- ২৩' এর আয়োজন করেছিলেন
বসিরহাটের একটি নব্য নাট্য দল‘স্বপ্নসৃজনী'। দু'দিনে মোট পাঁচটি নাটক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে। দু'দিনে ছোটদের একটি নাটক সহ মোট দু'টি নাটক মঞ্চস্থ করে ‘স্বপ্নসৃজনী’র কলাকুশলীরা। প্রথম দিনে উদ্বোধনী পর্বে নাট্য উৎসবের সূচনা লগ্নে তাদের একেবারে নতুন প্রযোজনা 'টক্কর' যথেষ্ঠ প্রশংসা কুড়োয় দর্শকদেও কাছ থেকে। সামান্য কিছু বিচ্যুতি সংশোধনের মধ্য দিয়ে এই নাটক আগামী দিনে একাধিক মঞ্চে সফলতা লাভ করবে সে কথা বলাই যায়। আর দ্বিতীয় দিনে সংস্থার শিশুদের বিভাগ ‘স্বপ্নপূরণ' এর পক্ষ থেকে মঞ্চস্থ করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প অবলম্বনে ‘সাজা’। শিশু বিভাগেও দেখা যায় একাধিক সম্ভাবনা ময় চরিত্র।এছাড়াও নাট্য উৎসবের প্রথম দিনের দ্বিতীয় নাটক ছিল টাকী কালচারাল ইউনিট এর নতুন প্রযোজনা ‘অবলম্বন'। আর দ্বিতীয় দিনের প্রথম ও শেষ নাটক ছিল মদনপুর যাত্রিক নাট্যসংস্থার নাটক ‘উৎস সন্ধানে’ আরন্যাজাট ভাবনার নাটক 'জলে জঙ্গলে রূপকথা'।
নাট্য উৎসবের উদ্বোধন পর্বে মনোতোষ বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদান ও গাছে জল ঢেলে শুভ সূচনা করেন মনীষ ভট্টাচার্য, স্বপন কুমার সরকার, জয়ন্তী চট্টোপাধ্যায়, কৃষ্ণগোপাল মণ্ডল প্রমূখ। শীতের শুরুতেই মুক্ত মঞ্চে এমন নাট্য উৎসবকে কেন্দ্র করে দু'দিন আগ্রহী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সব থেকে উল্লেখযোগ্য বিষয়, বসিরহাটের নাট্য জগতের একজন স্রষ্টা মনোতোষ বিশ্বাসের স্মরণে এই নাট্য উৎসব উপলক্ষ্যে একটি বিশেষ পত্রিকাও প্রকাশিত করেন উদ্যোক্তারা। যা কিনা বিরল ঘটনা বসিরহাটের নাট্য আন্দোলনে । মাত্র পাঁচ বছরে এটি ছিল তাঁদের দ্বিতীয় নাট্য উৎসব। রমেন্দ্র সিং ও কমল কুমার পালের যোগ্য নেতৃত্বে ‘স্বপ্নসৃজনী' আগামী দিনে আরও সাফল্যের খতিয়ান তৈরী ক'রে রেখে যাবে বসিরহাটের বুকে একথা বলাই যায়
জন পড়েছেন

Post a Comment