যদি পারো.....
অমৃত রায়
যদি পারো বটগাছ হয়ো
তোমার ভালোবাসার অক্সিজেন,
স্নেহের ছায়া--
দিয়ে জড়িয়ে রেখো, বাঁচিয়ে
রেখো আমার প্রত্যেকটি বন্ধু কে।
যদি পারো সূর্য হয়ো
জীবনের উৎস হয়ো
আলো করো এই ভুবন কে,
তোমার তেজে পুড়িয়ে ফেলো
সকল বিদ্বেষ, সকল অহংকার কে।
যদি পারো সমুদ্র হয়ো
বর্ণ, শ্রেণী, আকার ভুলে
সকলকে সমানভাবে
তোমার বিশাল বুকে আশ্রয় দিও।
যদি পারো পাহাড় হয়ো
তোমার রূপে মোহিত করো,
আমার দেশে, ভালোবেসে
শীত, গ্রীষ্ম, বর্ষা এনো।
যদি পারো নদী হয়ো
বাধা, বিঘ্ন পেরিয়ে সকল
তোমার গতিতেই ধাবিত হয়ো।
চাষীর বুকে সুখের কারণ হয়ো।
যদি পারো নীল আকাশ হয়ো,
নির্মল বাতাস হয়ো,
সবুজ হয়ো, শস্য শ্যামল হয়ো।
সকলের জন্য সমব্যথিত হয়ো,
আমার বুকে প্রেম হয়ো।

Post a Comment