বীর সৈনিক
সুমিত মুখার্জী
রাতের নীরবতায়,মনের মাধুরী মিশিয়ে
চিঠি লিখছি তোমায়।
প্রতিটি অক্ষরে মিশিয়েছি আমার ভালোবাসা,
শত শত চুম্বন লেগে রয়েছে চিঠির পাতায়।
নীলচে খামে,লাল গোলাপের পাপড়ি সাজিয়ে
পাঠাবো তোমায়।
তোমাকে লেখা এই প্রথম চিঠি আমার,
লিখতে গিয়ে বারবার তাই কেঁপে উঠেছে হাত।
জানিনা এই চিঠিই শেষ চিঠি কিনা!
কালকে পাড়ি দেব সীমান্তে,সেখানে চলছে গুলির লড়াই।
হয়তো সেখান থেকে নাও ফিরতে পারি আমি।
তেরঙ্গা পতাকা জড়িয়ে হয়তো ফিরবে আমার কফিন।
প্রিয়তমা,
আধুনিকতার যুগেও চিঠি লিখছি,
কারন আমি বাঁচতে চাই,তোমার স্মৃতিতে।
কোন বিকালে ডাকপিওন তোমায় পৌঁছে দেবে এই চিঠি।
গোলাপের পাপড়িগুলো শুকিয়ে যাবে তখন,
কিন্তু হারিয়ে গিয়েও আমি থাকবো তোমার পাশে।
যখনি খুলবে চিঠিখানি আমার ভালোবাসার উত্তাপ স্পর্শ করবে তোমায়।
পড়তে পড়তে চিঠিখানি,তোমার বইবে আঁখিজল,
খুঁজে দেখো সেখানে,দেখবে আমার প্রতিবিম্ব।
এই চিঠি থাকবে ভালোবাসার শেষ চিহ্ন হয়ে,
আমিও থাকবো বেঁচে তোমার চোখের জলে
চিরকাল.....
জন পড়েছেন

Post a Comment