মাটির দেওয়াল চাপা পড়ে মৃত কৃষক, ঘটনায় চাঞ্চল্য হিঙ্গলগঞ্জের দুলদুলি
ইছামতি সংবাদ, হিঙ্গলগঞ্জ, ২৯ জুন : বৃহস্পতিবার সকালে বাড়ির মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় পবিত্র মন্ডল ৪৩ নামে এক কৃষকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায়।
হিঙ্গলগঞ্জের দোলদুলি পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথের বাসিন্দা পবিত্র মণ্ডল পেশায় কৃষক। গত কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থায় ঘরের জিনিসপত্র সারাতে গিয়ে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তার। জানা যায়, এক মেয়ে ও স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে মাটির ঘরে বসবাস করতেন ওই গ্রামে। দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে সদ্য একটি সরকারি ঘর পান তিনি। সেই ঘরের এখনো কাজ শেষ না হওয়ায় আগের মাটির ঘরেই বসবাস করতেন তারা। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে একপ্রকার বিপর্যস্ত হয়ে পড়ে মাটির ঘরটি। বৃহস্পতিবার সকালে ঘরের জিনিসপত্র সরাতে গিয়ে ঘটে বিপদ। ঘরের জিনিসপত্র সরাতে গেলে তখনই মাটির দেয়াল ভেঙে পড়ে তার গায়ের উপরে। দেয়াল ভেঙে মাথায় ও বুকে গুরুতর চোট লাগলে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসকের কাছে সেখানে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসক। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গ্রামবাসীদের মধ্যে।

Post a Comment