১০ দিনের পুলিশ হাজতে সন্দেশখালীর মূল অভিযুক্ত শেখ শাহাজান
ইছামতি সংবাদ, বসিরহাট, ২৯ ফেব্রুয়ারি : ৫৬ দিনের মাথায় পুলিশের জালে সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাজাহান। বৃহস্পতিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিল হাজতের নির্দেশ দেন বিচারক।
সন্দেশখালির ঘটনায় আগেই পুলিশের জালে ধরা পড়েছিল তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা, বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সরদার সহ বেশ কয়েকজন। প্রত্যন্ত সন্দেশখালির গ্রামগঞ্জে জমি দখল থেকে শুরু করে বেআইনী মেছো ভেরী, খেলার মাঠ দখল, এমনকি দলীয় কর্মসূচির নাম করে মহিলাদের ডেকে এনে তাদের সম্ভ্রমহানির মতো একাধিক ঘটনার পিছনে সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাজাহানের প্রত্যক্ষ হাত রয়েছে অভিযোগ উঠেছে সন্দেশখালির আন্দোলনকারী মহিলাদের পক্ষ থেকে। শেখ শাজাহান গ্রেফতার না হওয়ায় আরও তীব্র হয়েছে মহিলাদের আন্দোলন। সেই আন্দোলনের জেরেই শেষমেষ তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার শেষ রাতে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে শেখ শাজাহানকে গ্রেফতার করে তখনই পাঠিয়ে দেয় বসিরহাট মহকুমা আদালতের লকাপে। বসিরহাট মহকুমা আদালতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, রাফ ও স্বশস্ত্র পুলিশ। এদিন কোটের কাজ শুরু হতেই সকাল আনুমানিক পৌনে এগারোটা নাগাদ তাকে তোলা হয় বসিরহাট মহকুমা এসিজেএম আদালতে। পুলিশের আবেদনের ভিত্তিতে তাকে দশ দিনের পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি শাহজাহান শেখের বাড়িতে ইডি আধিকারিকদের উপরে হামলার পর থেকেই বেপাত্তা ছিলেন শাহজাহান শেখ। সেই ঘটনার পর থেকেই একের পর এক উত্তেজনার পারদ চড়তে থাকে সন্দেশখালি এলাকায়। আন্দোলনে নামেন সন্দেশখালীর মহিলারা। এদিকে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় ইডির তরফ থেকে একটি মামলা অজু করা হয়। একদিকে এডির মামলা অন্যদিকে গ্রামের মহিলাদের একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার না করায় উঠেছে একাধিক প্রশ্ন, যার জবাব এদিন সাংবাদিক সম্মেলন করে দেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। শাজাহানকে গ্রেপ্তার না করার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, 'ইডির মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করার আগেই তারা উচ্চ আদালতে যাওয়ায় উচ্চ আদালত সেই মামলায় পুলিশের কাজের উপর স্থগিতাদেশ দেন। এই কারণে এতদিন আমরা শাজাহানকে ধরতে পারিনি। গত কয়েকদিন আগে আদালত পরিস্কার ভাবে শাজাহানের গ্রেফতারের বিষয়ে জানালে আমরা তৎপরতার সাথে গতকাল রাতেই মিনাখাঁর বামন পুকুর এলাকা থেকে শাজাহান শেখকে গ্রেফতার করেছি'।

Post a Comment