বসিরহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী, অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি

বসিরহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী, অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি




ইছামতি সংবাদ, বসিরহাট, ১২ সেপ্টেম্বর : হাসনাবাদ থেকে বসিরহাটে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন শাহজাহান শেখ নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার সাত সকালে ঘটনাটি ঘটে বসিরহাটের পিফা এলাকায়। পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ভর্তি করা হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বসিরহাট থানায় একটি মামলার রুজু করা হয় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান জানান, 'আক্রান্ত ব্যবসায়ীকে  সকালেই  বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে  অপারেশন করে তার পেট থেকে গুলি বের করা হয়। এরপর তাকে রেফার করা হয় কলকাতার পিজি হাসপাতালে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে'। প্রাথমিক তদন্তে সম্পর্ক জনিত কারণে এই হামলা বলে অনুমান পুলিশের। 

          হাসনাবাদ থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা শাহজাহান শেখ পেশায় ছাগল ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ব্যবসার কাজে। বসিরহাট পিফা এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পিফা দুন স্কুলের সামনে তাকে পথ আটকে গুলি করে এক দুষ্কৃতী। গুলি গিয়ে লাগে ওই ব্যবসায়ীর পেটে। তড়িঘড়ি স্থানীয়রা তাকে নিয়ে যায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে গুলি বের করেন চিকিৎসকরা। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, এক যুবক মোটরবাইক চেপে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে কথা বললে বসিরহাটের পুলিশ সুপার জানান, 'প্রাথমিক তদন্তে সম্পর্ক জনিত কারণে তার উপরে এই হামলা হতে পারে। তবে আক্রান্ত ব্যবসায়ীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আক্রান্ত ব্যবসায়ীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল'। 

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন