পরিবেশ দূষণে হাঁসফাঁস প্রকৃতি

পরিবেশ দূষণে হাঁসফাঁস প্রকৃতি




পরিমল দে

একটি পরিবেশ সংক্রান্ত বার্তা। আচ্ছা, পরিবেশ সচেতনতা নিয়ে আমরা কি সত্যি কিছু ভাবছি? পরিবেশ সুস্থ রাখার ক্ষেত্রে আমরা কি সত্যিই সচেষ্ট হই? প্রশ্নগুলোই উঠে আসছে বর্তমান পরিবেশ গত অবস্থানের পরিপ্রেক্ষিতে। আমরা বর্ষার মরসুম কাটিয়ে শীতের মরসুমে প্রবেশ করেছি মাত্র কয়েকদিন আগেই। বর্ষার মরসুমে যে সমস্ত গাছপালা প্রকৃতিতে ঝলমল করতো, মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই সমস্ত গাছপালার দিকে নজর রাখলেই পরিবেশের বিস্তর অমিল ধরা পড়বে আমাদের চোখে। বর্ষার সময়ে যে সমস্ত গাছের কান্ড থেকে পাতা ঝলমল করতো, কয়েক দিনের ব্যবধানে প্রকৃতিতে সেই সমস্ত গাছের গায়ে ও পাতায় জমেছে কার্বনের স্তর। দূষণের গভীর ক্ষত জমেছে গাছেদের পাতায় পাতায়। অথচ এই বিষয়ে আমাদের কারোরই নজর নেই। প্রতিদিনের কাজকর্মের মধ্যেই গাড়ির ধোঁয়া, কলকারখানা থেকে দূষিত হচ্ছে আমাদের পরিবেশ। একইভাবে উৎসবের মরশুমে বেলাগাম বাজি পোড়ানোর ফলেও দূষণের মুখে প্রকৃতি। মাঝেমধ্যেই তকমাধারী পরিবেশ কর্মীদের দেখা যায় পরিবেশ সচেতনতার কাজে পরিবেশ সংক্রান্ত বিশেষ বিশেষ দিনে পরিবেশ কর্মীর তকমা আটা চাদর গায়ে জড়িয়ে বেরিয়ে পড়েন পরিবেশ সচেতনতার কাজে। অথচ সত্যি যখন দূষণের কোপে হাঁসফাঁস করছে প্রকৃতি, তখন একবারও পথে নেমে সাধারণ মানুষকে প্রকৃত দূষণের বিষয়টি বোঝানোর জন্য দেখা পাওয়া যায় না একজন পরিবেশ কর্মীকেও। তাই সময় এসেছে, অবিলম্বে আমাদের সচেতন হতে হবে পরিবেশ সংক্রান্ত বিষয়ে। পরিবেশ দূষণ আটকাতে এগিয়ে আসতে হবে সকল সাধারণ মানুষকেই। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তৈরি হতে চলেছে ভয়ানক বিপদ।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন