বসিরহাট পৌরসভার দুর্নীতি নিয়ে তদন্তে মহকুমা শাসক
ইজামতি সংবাদ, ২৮ নভেম্বর : পৌরসভার পরে বসিরহাট মহকুমা শাসকের কাছে এলো পৌরসভা নিয়ে দুর্নীতির তদন্তের চিঠি। গত দিন দশেক আগেই বসিরহাট পৌরসভার অনুন্নয়ন নিয়ে নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে চিঠি এসেছিল বসিরহাট পৌরসভাতে। বসিরহাট পৌরসভার নারী সুরক্ষা, নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা, পরিশুদ্ধ পানীয় জলের অভাব, যত্রতত্র নোংরা আবর্জনার স্তুপ ও বেহাল রাস্তা সহ একাধিক ক্ষেত্রে অনুন্নয়নের অভিযোগ তুলে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছিল বসিরহাট পৌরবাসীদের পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কারণ জানতে চিঠি দেওয়া হয়েছিল পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্রকে। গত এই সপ্তাহের প্রথম দিকেই ছিল সেই চিঠির উত্তর দেওয়ার শেষ দিন। চিটির উত্তর দেওয়ার মেয়াদ উত্তীর্ণ হতে না হতেই এবার বসিরহাট মহকুমা শাসকের কাছে এসে পৌঁছালো দুর্নীতির তদন্তের চিঠি। উত্তর ২৪ পরগনা জেলা শাসকের পক্ষ থেকে বসিরহাট মহকুমা শাসকদের কাছে এই বিষয়ে দ্রুত তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য জানানো হয়েছে এই চিঠিতে। বসিরহাটের অনুন্নয়ন নিয়ে নাগরিকদের অভিযোগের বিষয়গুলি উল্লেখ করে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার জানান, 'সারা রাজ্যের সাথে বসিরহাটেও নারী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। যে পৌরসভাতে পৌর প্রধান একজন মহিলা, সেখানেই মহিলারা সুরক্ষিত নন রাতের বেলা রাস্তায় বেরিয়ে। পানীয় জল পরিষেবার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই ভোগান্তির মুখে বসিরহাটবাসী। বসিহাট শহরে ঠিকমতো নিকাশি ব্যবস্থাও করা সম্ভব হয়নি এত দিনে। একপ্রকার না পাওয়ার শহর বলতে যা বোঝায় সেটাই এই মুহূর্তে বহন করে চলেছে বসিরহাট শহর। অবিলম্বে বসিরহাট পৌরসভা থেকে এই ধরনের পৌর প্রধানকে অপসারিত না করতে পারলে বসিরহাট বাসীর জন্য খুবই দুর্দিন অপেক্ষা করছে আগামী দিনে'
জন পড়েছেন

Post a Comment